শুভেন্দু অধিকারীর সহযোগিতায় কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের অর্থানুকূল্যে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল, তমলুক নিমতৌড়ি, কাঁথি এবং নন্দীগ্রামের গ্রামে গ্রামে গিয়ে ভাত, ডাল, তরকারি-সহ রান্না করা খাবার বিতরণ করছেন ভারত সেবাশ্রম সংঘের সদস্যরা।

মঙ্গলবার ২১ এপ্রিল থেকে মহিষাদলে এই ব্যবস্থা চালু হয়েছে। বুধবার দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়েও বেশি মানুষ মধ্যাহ্নভোজের খাবার সংগ্রহ করেছেন। মহিষাদল ভারত সেবাশ্রমের মহারাজ ত্রিগুণানন্দজি মহারাজ জানিয়েছেন, মহিষাদল ভারত সেবাশ্রমকে কেন্দ্র করে এবং এই আশ্রমে প্রতিদিন রান্না করার পরে সব খাবার মহিষাদলের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

রোজকার মেনুতে বদল আনাও হচ্ছে। এই ব্যবস্থা চলবে টানা দশদিন ধরেই। মহিষাদলের রামবাগ, মধ্যহিংলী, লক্ষ্যার পাশাপাশি অন্যান্য জায়গাতেও রান্না করা খাবার বিতরণ চলবে।

