অনুজকুমার ভৌমিক
করোনার জেরে লকডাউনে সমস্যায় পড়া গরিব, অসহায় মানুষজনের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানও। এই সমবায় ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন শুভেন্দুবাবু। তমলুক, নিমতৌড়ি, কাঁথি, নন্দীগ্রাম-সহ বিভিন্ন জায়গায় ভাত, ডাল, তরকারি রান্না করে নিয়ে গিয়ে বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার ২১ এপ্রিল থেকে মহিষাদলেও এই ব্যবস্থা চালু হলো। দেড় হাজারের বেশি পরিবারকে এদিন দুপুরের খাবার দেওয়া হয়। আগামী দশদিন ধরে এই খাবার বিতরণ চলবে বলে জানিয়েছেন মহিষাদল ভারত সেবাশ্রমের মহারাজ ত্রিগুনানন্দ মহারাজ। তিনি বলেন, এখনই শুধু নয়, বছরভর নানাভাবে ভারত সেবাশ্রম সংঘের পাশে থাকেন শুভেন্দুবাবু, বিভিন্ন কর্মসূচিতে তিনি নিজে সামিল হন। যোগ্য মানুষরাই যাতে এই উদ্যোগের সুফল পান তা নিশ্চিত করার অনুরোধ রেখেছেন শুভেন্দুবাবু। খাবার বিতরণের সময় সেটা মাথায় রাখা হচ্ছে।

সমাজের বিভিন্ন স্তরের মানুষ এগিয়ে এসেছেন। এদিন বৃষ্টি উপেক্ষা করে যথাসময়ে রান্না ও খাবার বিতরণ করার কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করেন পার্থ বটব্যাল, সোমনাথ ভুঁইয়া, অলোক শেঠ, অরুণ দাস অধিকারীরা। রামবাগের প্রাচীন রাম-সীতার মন্দির চত্ত্বর, মধ্যহিংলী স্কুল মাঠ-সহ তিনটি জায়গা থেকে খাবার বিতরণ করা হয় সামাজিক দূরত্বের রীতি মেনেই।