আমফানে বিধ্বস্ত উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া, হিঙ্গলগঞ্জ, যোগেশগঞ্জ, দুলদুলি, কাঁটাখালি, হেমনগর, সাহেবখালি, সামসেরনগর প্রভৃতি অঞ্চল একেবারেই বাংলাদেশ লাগোয়া। এই সব অঞ্চলের জনজীবন সুপার সাইক্লোন আমফানের প্রভাবে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ে। বহু মানুষ ঘর ছাড়া।

সাময়িক ভাবে তাঁরা রয়েছেন এলাকার নানা প্রাথমিক স্কুল ও হাইস্কুলের পাকা বাড়িতে। খাবারে টান পরেছে। এগিয়ে এসেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। আমফান কবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, আমফান আছড়ে পড়ার পরদিন থেকেই দুই ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে আমরা সঙ্ঘের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করতে শুরু করেছি।

শনিবার থেকে হিঙ্গলগঞ্জ ও যোগেশগঞ্জের বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার মানুষের সেবার কাজে নিয়োজিত আছে সংঘের সন্ন্যাসী, সেবাইত ও স্বেচ্ছাসেবী কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাল, ডাল ও অন্যান্য সহযোগীতার আশ্বাস দিয়েছেন। কোথাও কোথাও রান্না করা খাবারের পাশাপাশি চাল, ডাল, তেল, নুন শুকনো খাবারও বিতরণ করা হয়।



