কেন্দ্রীয় সরকার নিজেরাই লকডাউনের নিয়ম করে বলছে বাইরে থেকে কেউ এলে তাঁকে কোয়ারেন্টিনে পাঠাতে হবে। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিদল সেই নিয়ম কেন মানবে না? এই প্রশ্ন তুলে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিনয় তামাং। পাহাড়ের মানুষকে ভালো রাখতে জিটিএ কী কী পদক্ষেপ করেছে তা জানিয়ে বিনয় তামাং বলেন, দিল্লি প্রাইম হটস্পট। প্রচুর আক্রান্ত, অনেক মৃত্যু হয়েছে। সেই দিল্লি থেকে প্রতিনিধিদল এসেছে। দার্জিলিং বা কালিম্পঙে গত ১৬ দিন ধরে কেউ করোনায় আক্রান্ত হননি। সকলেই সুস্থ। মানুষ নিয়ম মানছেন। ফলে প্রতিনিধিদল এলে সংক্রমণের আশঙ্কা থাকবে। তাই প্রতিনিধিদলের সদস্যরা ১৪ দিন কোয়ারেন্টিনে থেকে ফিট সার্টিফিকেট নিয়ে পাহাড়ে এলে তবেই আমাদের আপত্তি থাকবে না। বিনয় তামাং বলেন, আমাদের লড়াই এখন কোভিডের সঙ্গে, রাজনীতির লড়াই এখন কাম্য নয়।