বিশ্বজুড়ে করোনা মোকাবিলায় প্রতিষেধক, ওষুধ বের করার গবেষণা চালাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। তাঁদের অবশ্য চ্যালেঞ্জের মুখে ফেলতেই পারেন বিজেপি নেতারা! রাজ্য বিজেপি সভাপতি-সহ বিজেপি নেতারা আগেই বলেছেন, গোমূত্র পান করলে নাকি করোনা দৌড়ে পালাবে। যদিও ঝাড়গ্রামের এক ভক্ত তা পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন।তবে একজন কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে দায়িত্বজ্ঞানহীন কথা বলতে পারেন? তাও সংসদ চত্ত্বরে দাঁড়িয়ে! বৃহস্পতিবার ১৯ মার্চ করোনা মোকাবিলায় আজব দাওয়াই দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি পরামর্শ দিয়েছেন সকাল ১১টা থেকে বেলা ২টোর মধ্যে মিনিট পনেরো রোদে দাঁড়ালেই নাকি করোনা এড়ানো যাবে। সূর্যালোকের ভিটামিন ডি-ই নাকি করোনার মতো ভাইরাস দূরীকরণে দারুণ উপযোগী! প্রচারে আসতে এমন আজগুবি দাওয়াই ছড়ানোর জন্য কোনও শাস্তি অবশ্য বিজেপির অভিধানে নেই।