তরুণ মুখোপাধ্যায়
যত দিন যাচ্ছে ততই বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বাংলার মানুষ। তারই ফলস্বরূপ আজ বুধবার ১০ জুন হুগলির জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের প্রায় ২০০ পরিবারের ১ হাজার জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জাঙ্গিপাড়া বিধানসভার বিধায়ক তথা জেলা কো-অর্ডিনেটর স্নেহাশিস চক্রবর্তী। দিলীপ যাদব জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিজেপির ভ্রান্ত নীতির বিরুদ্ধে এই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের পতাকার তলায় এসে দাঁড়ালেন।
দলের জেলা পর্যবেক্ষক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে এই দলত্যাগী বিজেপি কর্মীদের তৃণমূলে নেওয়া হলো। শুধু জাঙ্গিপাড়া নয়, আজ সকালে আরামবাগেও কয়েকশো র বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার এই বিপদের দিনে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে অনুপ্রাণিত এই সমস্ত বিজেপি সমর্থক। সেই কারণে তাঁরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগামী দিনে তৃণমূল যাতে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ হয় সেই ব্যাপারে তাঁরা নিজেদের নিয়োজিত করবেন বলে জানিয়েছেন।