প্রতি বছরের মতো গরমে রক্তের সঙ্কট দেখা দেয়। বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্ত ভীষণভাবে প্রয়োজনীয়। লকডাউনের এই সময়ে রক্তের যে গভীর সঙ্কট দেখা দেবে তা জানতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগেই আবেদন রেখেছিলেন পশ্চিমবঙ্গের পুলিশের কাছে। তারা প্রতিমুহূর্তে রক্তের যোগান দিয়ে গেছে ব্ল্যাড ব্যাঙ্কগুলিতে। তারপর এগিয়ে আসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরা।
আজ ঝাড়গ্রাম জেলা সভাপতি স্বপন পাত্রের উদ্যোগে গোপীবল্লভপুর ২নং ব্লকে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। স্বপন পাত্রকে যোগ্য সহায়তা দিলেন ব্লক সভাপতি টিঙ্কু পাল এবং ব্লকের যুব সভাপতি অনুপম মল্লিক। তাঁদের যৌথ প্রচেষ্টায় ৩০ জন রক্ত দিলেন।

তপসিয়া কন্যাশ্রী মঞ্চে হলো এই রক্তদান শিবির। এই মহৎ কর্মের শুভারম্ভ করেন সভাপতি টিঙ্কু পাল এবং ব্লকের যুব সভাপতি অনুপম মল্লিক। উপস্থিত ছিলেন গিধনী পূর্ব চক্রের সভাপতি মহাদেব মাহাত, ঝাড়গ্রাম পূর্ব চক্রের সভাপতি সুব্রত সাউ, তপশিয়া চক্রের সভাপতি বিভাস তরাই-সহ নিরঞ্জন দাস ও সত্যকাম পট্টনায়েক প্রমুখ।

