উত্তর-পূর্ব ভারতের মণিপুরে চলতে থাকা ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। ব্যর্থ মনিপুরের বিজেপি শাসক বলে তোপ দাগছেন বিরোধীরা। তিন মাস ব্যাপী দাঙ্গা, অশান্তি চলছেই, মহিলারাও ছাড় পায়নি। মহিলাদের ওপর নৃশংস, বর্বর অত্যাচারের ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে। দিল্লীতে সংসদের ভিতর ও বাইরে সরব হয়েছেন বিরোধী জোটের সাংসদগণ-সহ দেশের অগুনিত শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। কিন্তু এত ঘটনা ঘটে যাওয়ার পরেও কার্যত মৌনব্রত পালন করে চলেছে শাসক বিজেপি।
এতদিন ধরে চুপ ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের চাপের কাছে কিছুটা নতিস্বীকার করে মাত্র ৩০ সেকেন্ড সময় খরচ করে সহানুভূতির বিবৃতি দিয়েছেন। দেশের পাহাড়াদার বলে কটাক্ষ ছুড়ে দেন বিরোধীরা। এরই প্রতিবাদে দেশের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ র অন্যতম প্রধান শরিকদল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে ব্লক, জেলা, শহর সর্বত্র প্রতিবাদ কর্মসূচি পালন করে। রবিবার প্রধানমন্ত্রীর নীরবতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কলকাতার হাজরা মোড় থেকে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত মোমবাতি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে এদিনের উপচে পড়া স্বতঃস্ফূর্ত জনস্রোতের এই সুদীর্ঘ মিছিলে যোগ দেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি সার্থক ব্যানার্জী, উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি শান্তিরঞ্জন কুন্ডু, সায়নদেব চট্টোপাধ্যায়, সুপর্ণা দত্ত, ঋজু দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন শাসক বিজেপির ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন বিগত তিন মাস যাবৎ উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্য জুড়ে দুই আদিবাসী জনগোষ্ঠীর ক্ষমতায়নকে কেন্দ্র করে চলতে থাকা ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি, ধর্মীয় স্থাপত্য-সহ বিভিন্ন প্রান্তে সরকারী বেসরকারী সম্পদ বিনষ্ট করা, আদিবাসী জনগোষ্ঠী-র মানুষদের নির্বিচারে পাশবিক নির্যাতনের শিকার হওয়া, নারীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন ও লাগামহীন গণহত্যা ও গণধর্ষণের লাগাতার পৈশাচিক ঘটনা। মনিপুরের বিজেপি সরকারের প্রশাসনিক অক্ষমতা ব্যর্থতা আজ পরিস্কার। কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমগ্র ঘটনার বিষয়ে চরম ঔদাসীন্য এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। অন্যদিকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা জানান গত তিন মাসের বেশি সময় ধরে মণিপুর জ্বলছে। মৃতদেহের সারি গোটা রাজ্য জুড়ে। মেয়েদের গণধর্ষণ করা হচ্ছে। জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ব্যর্থ মণিপুর সামলাতে। ওদের লজ্জা হওয়া উচিত।