করোনা ভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। সরকারী বাসে জীবানু নাশক স্প্রে শুরু হয়েছে নিয়মিত। অন্ডাল বিমানবন্দরে যাত্রী নামলেই চলছে শারিরীক পরীক্ষা, তবে মিলছে শহরে ঢোকার ছাড়পত্র। আসানসোল, দুর্গাপুর পুর নিগমের তরফে চলছে ব্যপক নজরদারি। একই ভূমিকা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনেরও। তবে সাধারণ মানুষের মধ্যেও করোনা ভাইরাসের সচেতনতা বাড়ছে যথেষ্ট। ভীড় ট্রেন এড়াচ্ছেন যাত্রীরা। শপিংমলে ভীড় কমছে, আবার শপিংমলগুলির ম্যানেজমেন্টের তরফেও কড়া নজরদারি চলছে। এদিকে সিএসআর প্রকল্পে মঙ্গলবার মাস্ক বিতরণ করল এস.পি.এস শিল্প গোষ্ঠী। নিউ টাউনশিপ থানার পুলিশ কর্মীদের জন্য মাস্ক প্রদান করেন তারা। সংস্থার মূখ্য মানব সম্পদ আধিকারিক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, সচেতনতা বাড়াতে তাদের চারটি কারখানাতেও চলছে লাগাতার প্রচার। এছাড়াও সি এস আর প্রকল্পেও এনিয়ে বিভিন্ন জায়গায় কর্মসূচী নেওয়া হচ্ছে।
