করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে ভ্যাকসিন-সহ রোগীকে সুস্থ করে তোলার ওষুধ আবিষ্কার করতে গবেষণা চালাচ্ছেন চিকিৎসাবিজ্ঞানীরা। এর মধ্যেই মিলেছে আশার আলো। ম্যালেরিয়া আর এইচআইভি-র ওষুধ দিয়েই বাগে আনা যাবে করোনাকে। এমন দাবিই করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লিনিক্যাল রিসার্চের ডিরেক্টর অধ্যাপক ডেভিড প্যাটারসন।তিনি জানিয়েছেন ম্যালেরিয়ার ওষুধ ক্লোরোকুইন আর এইচআইভি-র ওষুধ লোপিনাভির/রিটোনাভির (Lopinavir/Ritonavir) করোনা আক্রান্তদের উপর প্রয়োগ করে কার্যকরী ফল মিলেছে। দেখা গিয়েছে, এই ওষুধ প্রয়োগে রোগীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ত্বই মিলছে না। প্যাটারসনের দাবি, এই দুই রকম ওষুধ দিয়েই সুস্থ করে তোলা যাবে রোগীদের। মার্কিন চিকিৎসকেরাও রোগীদের উপর ক্লোরোকুইন প্রয়োগ করছেন। ভারতে কী অবস্থা? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রাজ্যসভায় মঙ্গলবার ১৭ মার্চ জানিয়েছেন, আমাদের নজরে এসেছে এই সংবাদ। আমাদের দেশের বিজ্ঞানীরাও এই ওষুধগুলির কার্যকারিতা পরীক্ষা করে দেখছেন। বিশ্বের সাম্প্রতিক গবেষণায় তাঁরা নজর রেখেছেন। আইসিএমআরের বিজ্ঞানীদের তরফে সবুজ সঙ্কেত মিললেই এই ওষুধগুলো প্রয়োগ করা যেতে পারে। ইতিমধ্যেই কিছু করোনা আক্রান্তকে সুস্থ করতে ‘রেট্রোভাইরাল ড্রাগস’ দেওয়া হয়েছে।