করোনাভাইরাস যেভাবে সংক্রামিত হচ্ছে তাতে একে ‘প্যানডেমিক’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে করোনা পজিটিভ ধরা পড়েছে শতাধিক মানুষের। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সব দলের কাছে আর্জি জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সোমবার ১৬ মার্চ রাজ্যের পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। তার আগের দিন তৃণমূল কংগ্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে, এই পরিস্থিতিতে পুরভোট কিছুদিন পিছিয়ে দেওয়ার দাবি কমিশনকে জানাবে দল।