দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৩। মুম্বাইয়ের এক হাসপাতালে ৩৪ বছর বয়সি এক ব্যক্তি মারা গিয়েছেন। তিনি দুবাই থেকে ফিরেছিলেন। হাইপারটেনশন ও নিউমোনিয়া ছিল। তাঁর দেহে Covid-19 পজিটিভ ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর আগে তাঁর হার্ট রেট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এর আগে, কর্নাটক ও দিল্লিতে দুইজন করোনা-আক্রান্তের মৃত্যু হয়েছিল। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭। এদিকে, মাস্ক ব্যবহার ও পরীক্ষা করানো সম্পর্কে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বলা হয়েছে, কাশি ও জ্বর থাকলে, করোনা রোগী বা করোনা-সন্দেহে কাউকে দেখভাল করলে বা শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীর দেখভালে নিযুক্ত স্বাস্থ্যকর্মী ছাড়া কারও মাস্ক ব্যবহারের দরকার নেই। ল্যাবে Covid-19 পজিটিভ ধরা পড়া কারও সংস্পর্শে কেউ চলে এলে বা করোনা সংক্রমণ রয়েছে এমন দেশ থেকে কেউ ফিরলে তাঁরা ১৪ দিন বাড়িতে থাকুন। এরপরও করোনার লক্ষণ আছে বলে মনে করলে তবেই ল্যাবে পরীক্ষা করাতে যান। কোনও লক্ষণ না থাকলে ল্যাবে গিয়ে পরীক্ষা করানোর দরকার নেই।

