কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। এবারে মোট পাঁচজন পদ্মবিভূষণ পাচ্ছেন, তাঁদের মধ্যে দক্ষিণী তারকা চিরঞ্জীবী-সহ আছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেত্রী বৈজয়ন্তিমালা প্রমুখ। প্রসঙ্গত ভারত রত্নের পরই হচ্ছে পদ্মবিভূষণ, অর্থাৎ এটি দেশের দ্বিতীয় বৃহত্তম নাগরিক সম্মান। আর সেই সম্মানেই এবার সম্মানিত হচ্ছেন দক্ষিণী তারকা চিরঞ্জীবী। এর আগে তিনি ২০০৬ সালে পদ্মভূষণ পেয়েছেন।

দক্ষিণী তারকা চিরঞ্জীবী তাঁর এই দীর্ঘ কেরিয়ার জীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। এর মধ্যে আছে অন্ধ্র প্রদেশের সব থেকে বড় চলচ্চিত্র সম্মান, রঘুপতি বেঙ্কাইয়া পুরস্কার, তিনটি নন্দী পুরস্কার, ৯টি ফিল্মফেয়ার, ইত্যাদি। এবারের এই পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা হতেই ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন চিরঞ্জীবী। সেখানে তিনি বলেন, ‘এই খবরটা পাওয়ার পরই আমি বাক্যহারা হয়ে গিয়েছি। ভীষণ আনন্দ হচ্ছে। আমি অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ এই সম্মানটি পেয়ে। এটা আমার দর্শকদের, ভক্তদের ভালোবাসার ফল, ওদের জন্যই আমি এতদূর আসে পেরেছি। আমি আমার জীবন এবং এই মুহূর্ত তোমাদের উৎসর্গ করলাম।’
তিনি আরও বলেন ‘এই উপলক্ষ্যে আমি ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মান জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।’

এছাড়া এবার মোট ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাঁদের মধ্যে বাঙালি রয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের ৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে জনপ্রিয়, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছেন লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন। এছাড় মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন বঙ্গীয় পারম্পরিক কারু ও বস্ত্র শিল্পী সংঘের প্রয়াত যৌথ সম্পাদক ও চরিদা গ্রামের ছো-মুখোশ শিল্পী নেপাল সূত্রধর।

ছো-মুখোশ শিল্পী নেপাল সূত্রধর
পাশাপাশি এবার পদ্মভূষণ পাচ্ছেন মোট ১৭ জন। এর মধ্যে বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। গানের জন্য একই পুরস্কার পাচ্ছেন ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন।