করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আত্মবিশ্বাসহীনতার ছাপ স্পষ্ট। এমনটাই মনে করেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্ক দেশগুলিকে নিয়ে করোনা মোকাবিলায় বৈঠক করছেন, এতে আপত্তি নেই। কিন্তু রাজ্যগুলি যেখানে করোনা-সতর্কতায় সাহসী পদক্ষেপ করছে, সেখানে সব মুখ্যমন্ত্রীকে নিয়ে তো ভিডিও কনফারেন্স করতে পারতেন প্রধানমন্ত্রী। এদিকে, দেশি-বিদেশি সব পর্যটককেই আপাতত পুরী যেতে নিষেধ করছে ওডিশা সরকার। যে পর্যটকরা রয়েছেন তাঁদের বাড়ি ফিরে যেতে বলা হয়েছে। ওডিশায় শিক্ষা প্রতিষ্ঠান, জিম, শপিং মল, সুইমিং পুল বন্ধ রাখা হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে।