আরামবাগ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে মহাসমারোহে পালিত হল শিশু দিবস। হাসপাতালের শিশু বিভাগটিকে বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। সকাল থেকেই শিশুবিভাগে ছিল উৎসবের মেজাজ। ভর্তি হওয়া অসুস্থ কচিকাঁচারা ছাড়াও সদ্যোজাত সন্তানের মায়েরাও এই উৎসবে সামিল হয়েছিলেন। শিশুরা নিজ হস্তে কেক কেটে শিশুদিবস পালন করে। সেইসঙ্গে জওহরলাল নেহেরুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

উদ্যোক্তা ছিলেন শিশুবিভাগের প্রধান ডা. সুব্রত ঘোষ। তিনি প্রত্যেক শিশুকে খেলনা, পুতুল, বল, বেলুন ও চকোলেট হাতে তুলে দেন। প্রতি বছরের ন্যায় এবারেও শিশুদের নিয়ে কেক কেটে জওহরলাল নেহেরুর জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে পালন করেন। এই মনোরম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ও ভাইস প্রিন্সিপাল ইন্দিরা দত্ত, আরামবাগ মহকুমা হাসপাতালের সুপার সত্যজিৎ সরকার ও সিনিয়র নার্সরা।

উল্লেখ্য, ড.সুব্রত ঘোষের উদ্যোগে প্রতিবছর হাসপাতালে শিশু দিবস পালন করা হয়। শিশু বিশেষজ্ঞ সুব্রত ঘোষ বলেন, সারা বছর ধরে আমরা শিশুদের সঙ্গে থাকি। কেক কেটে শিশু দিবস পালন করলাম। শিশুদের আনন্দ দেবার জন্য এই দিনটি পালন করা হয়৷ আমরা চাই নবজাতক এই শিশুরা ভালো থাকুক। সুস্থ হয়ে বড় হয়ে উঠুক। শিশুরাই জাতির ভবিষ্যৎ।