একদিকে আইনশৃঙ্খলা সামলানো, সেইসঙ্গে রক্তদানের মতো মহান কাজে এগিয়ে আসা খুব বড়ো ব্যাপার। বুধবার ১ এপ্রিল নেতাজি ইনডোরে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নেতাজি ইনডোরে এক মাস ধরে রক্তদান করবেন কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরা।

করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করছেন তেমনই করছেন পুলিশকর্মীরাও। তারপরও আপনারা রক্তদানে এগিয়ে এসেছেন। আপনাদের ও আপনাদের পরিবারকে এ জন্য ধন্যবাদ, প্রণাম, সালাম, কৃতজ্ঞতা জানাই। আপনাদের সুস্থ থাকতে হবে। সব সময় সোশ্যাল ডিসটান্সিং মেনে কাজ করবেন। আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।

একবার গোষ্ঠী সংক্রমণ শুরু হলে কারও কিছু করার থাকবে না। তাই কমপ্লিট লকডাউন নিশ্চিত করতে হবে, প্রয়োজনে মানুষকে এ ব্যাপারে ভালো করে বোঝাতে হবে। নেতাজি ইনডোরে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নগরপাল অনুজ শর্মা প্রমুখ।

এদিকে, নবান্ন জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাস মহামারীর কারণে দেশব্যাপী যে লকডাউন চলছে সেই সময় যাতে রাজ্যে রক্তের জোগান পর্যাপ্ত থাকে তার জন্য গোটা এপ্রিল মাস ধরে বিশেষ রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে । এই সমস্ত রক্তদান কর্মসূচিতে Covid-19 সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ পালন করা হচ্ছে এবং অত্যন্ত গর্বের সাথে জানানো যায় যে প্রথম দিনেই রক্ত সংগ্রহের পরিমাণ ধার্য মাত্রার থেকে বেশি। প্রতিদিন বারোশো ইউনিট করে রক্ত সংগ্রহ ধার্য করা হয়েছে এবং ১ এপ্রিল ১২৯০ ইউনিট রক্ত সংগৃহীত হয়েছে।
