ক্ষুধার সঙ্গে নয়, লড়াই হোক ভাইরাসের সঙ্গে। লকডাউনের মধ্যেই মানবিকভাবে জীবন-জীবিকা রক্ষা করতে হবে। শনিবার ১১ এপ্রিল ভিডিও কনফারেন্স চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একমাত্র তিনিই বলেন, দেশে ১০ লক্ষ কোটি টাকার ন্যাশনাল ইকনমি কাম হেল্থ প্যাকেজ ঘোষণা করা হোক যাতে সব রাজ্য এখন যেভাবে খরচ করছে তার টাকা পায়। জাপান যেখানে করোনা মোকাবিলায় পরিকাঠামো গড়তে জিডিপির ২০ শতাংশ, ইউকে ১৫ শতাংশ, আমেরিকা ১০ শতাংশ ব্যয় করে তহবিল গড়ছে সেখানে ভারত মাত্র ১ শতাংশ দিয়ে ১.৭ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছে। এটা অন্তত জিডিপি-র ৬ শতাংশ করা হোক।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বা পিএম কেয়ারসে যেমন সিএসআরের মাধ্যমে বিভিন্ন সংস্থা অনুদান দিয়ে যে ছাড় বা সুবিধা পায় রাজ্যগুলির ত্রাণ তহবিলেও সেই সুবিধা দেওয়া হোক ফেডারেল স্ট্রাকচার মেনে। গণতন্ত্রকে যেন বুলডোজ না করা হয়।
বিভিন্ন দেশের সীমান্তে নজরদারি বাড়ানো হোক, বিশেষ করে যেখানে ফেন্সিং নেই। না হলে অনুপ্রবেশ ঘটতে পারে।