করোনা মোকাবিলায় বৃহস্পতিবার ২ এপ্রিল সকাল ১১টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বহুদিন ধরে আটকে রাখা বাংলার প্রাপ্য অর্থ পাঠানোর দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, রাজ্যের ভাঁড়ার শেষ হয়ে আসছে। অন্য রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বা পেনশনে কোপ মারলেও এ রাজ্যে তা হয়নি। দুঃস্থ মানুষদের বিনামূল্যে ৬ মাস রেশন দেওয়া-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পও চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের প্রাপ্য অর্থ আটকে রয়েছে। এর বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর হাতে বারবার তুলে দেওয়ার কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, অন্তত যে ৩৬ হাজার কোটি টাকা রাজ্যের প্রাপ্য তা এই পরিস্থিতিতে পাঠানো হোক, তাহলে করোনা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। একইসঙ্গে ২৫ হাজার কোটি টাকা অনুমোদনের আর্জিও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, কোঅপারেটিভ ফেডারালিজমের স্পিরিট মেনে রাজ্যকে এই সহযোগিতা করুক কেন্দ্র।

