করোনা পরিস্থিতিতে লকডাউনে সমস্যায় পড়া মানুষদের ভরসা দিতে কলকাতার বিভিন্ন এলাকা মঙ্গলবার ২১ এপ্রিল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি ফেসবুক বার্তায় লিখেছেন, করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে মানুষকে আশ্বস্ত করতে আজ মাইকিং-এর মাধ্যমে রাজাবাজার, পার্ক সার্কাস, মাঠপুকুর এবং তিলজলা সংলগ্ন এলাকা পরিদর্শন করার পাশাপাশি সাফাইকর্মীদের মাস্ক, হ্যান্ডগ্লাভস বিতরণ করা হলো এবং ঝাড়ু হাতে সাফাইকর্মীদের সঙ্গে সাফাই কাজে ব্যবহৃত সামগ্রী স্যানিটাইজ করার ব্যাপারে অবগত করলাম।

যাঁরা আমাদের প্রিয় শহরকে পরিষ্কার রাখেন, তাঁদের সঙ্গে থাকা আমাদের মানবিক দায়িত্ব। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের মতোই জীবনের ঝুঁকি নিয়ে সাফাইকর্মীরাও নিরন্তর কাজ করে যাচ্ছেন। তাঁরা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এটাই হৃদয় থেকে কামনা করি। কোভিড-১৯ এর বিরুদ্ধে জয় আমাদের হবেই। বাংলা কখনও হারে না। জয় আমাদের হবেই। ব্যাধি দূরে যাক। পৃথিবী সুস্থ হোক। বাংলার সরকার সবসময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে।



