৩ মে আন্তর্জাতিক প্রেস ফ্রিডম ডে। সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে সওয়াল করে টুইটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লেখেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের নির্ভীক হয়েই কর্তব্য পালন করা উচিত। সমাজের প্রতি সাংবাদিকদের অবদানকে আমরা সম্মান করি। সাংবাদিকদের কল্যাণে বাংলার সরকার বেশ কিছু উদ্যোগও নিয়েছে। করোনা যুদ্ধে নিয়োজিত যাঁরা সামনে থেকে কাজ করছেন তাঁদের জন্য রাজ্য সরকার যে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা চালু করেছে তাতে সাংবাদিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রবীণ সাংবাদিকদের পেনশন প্রদানের পাশাপাশি মাভৈঃ প্রকল্প, সাংবাদিকদের সরকারি সব বাস, ট্রামে বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবেও অনেক সাংবাদিকের বিপদে ত্রাতার ভূমিকা পালন করে থাকেন।


তবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার জাতীয় সংবাদমাধ্যমগুলিকে করায়ত্ত করে সত্যকে চেপে দেয়। কেউ সরকার বিরোধী খবর করলে হুমকি দেওয়া হয় মালিক ও সাংবাদিকদের। বিজেপি শাসিত রাজ্যে রহস্যজনকভাবে খুন হতেও হয়েছে সরকারের বিরুদ্ধে সরব হওয়া সাংবাদিককে। করোনা আবহে রাজনীতির কথা না বললেও এদিন সংবাদমাধ্যমগুলিকে নির্ভীকভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ তৈরির যে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।