রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। মারা গিয়েছেন আরও ৩ জন। ৯ জনকে ছাড়া হয়েছে। ফলে রাজ্যে করোনা পজিটিভ ১৪৪ জন। মৃত ১০ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৩৮১১টি। বৃহস্পতিবার ১৬ এপ্রিল এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। মুখ্য সচিব জানিয়েছেন, করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য পারস্পরিক যোগাযোগ রেখে কাজ করছে। কেন্দ্রীয় সরকারের সব নিয়ম মেনেই কাজ হচ্ছে। কেন্দ্রীয় সরকার এ রাজ্যে যে চারটি জেলাকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে তার সঙ্গে রাজ্য সরকার যেখানে মনে করছে সেইমতো যথাযথ ব্যবস্থা নিচ্ছে যাতে সংক্রমণ না ছড়ায়। এর বাইরেও অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। মাইক্রো প্ল্যানিং জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, রাজ্যে ৫১ জন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। সরকারি কোয়ারান্টিনে আছেন ৩৯১৫ জন। গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৬৯৮২ জন।
এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে প্রপার্টি ডিড অনলাইনে রেজিস্ট্রেশন চলবে। মুখ্য সচিব জানান, দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বাংলাতেই প্রথম সেল ডিড বা প্রপার্টি ডিড অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। ঘরে বসেই নথিপত্র আপলোড করলে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। লকডাউন উঠলে বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু হবে। রেজিস্ট্রেশন ফি-র ক্ষেত্রেও ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
