কেন্দ্র রাজ্যগুলিকে না জানিয়ে হঠাৎ করে লকডাউন ঘোষণা করায় সবচেয়ে সমস্যায় পড়েছেন গরিব মানুষেরা। তাঁদের জন্য বারবার কেন্দ্রীয় সরকারকে প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও এই সংক্রান্ত দাবি জানিয়েছেন। তিনি বলেন, লকডাউন ঘোষণা যখন কাউকে না জানিয়ে করেছে কেন্দ্র, তাহলে যাঁরা কর্মহীন হয়েছেন বা বেতন পাচ্ছেন না তাঁদের দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, গ্রামের গরিব মানুষ ও এমএসএমই দফতরের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হোক। যে তহবিল হয়েছে, সেখান থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হোক। তাহলে ২-৩ মাস লকডাউন চললেও মানুষের অসুবিধা হবে না। কিন্তু চটকল বা চা বাগানে শ্রমিকরা যে কাজ বা বেতন পাচ্ছে না সেই দায়িত্ব কেন্দ্র নিক।

কৃষিকাজে একশো দিনের শ্রমিকদের নিযুক্ত করে তা ১৫০ দিনের করা হোক, তাঁদের ২ মাসের টাকাও দেওয়া হোক। মুখ্যমন্ত্রী জানান, যাঁরা ভিনরাজ্যে আছেন তাঁদের ফিরিয়ে আনা হবে। সেই রাজ্যে স্ক্রিনিং করে ফেরানো হোক, সেই খরচ রাজ্য বহন করবে। কোটায় আটকে থাকা পড়ুয়াদের ফেরানো হবে। ১৭০০ কিলোমিটার পথ, তিন রাত তাঁদের কাটিয়ে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, পরিস্থিতি আয়ত্তে না আসা অবধি আন্তর্জাতিক সীমান্তে নজরদারি চালাতে হবে, বিমান বা ট্রেন চালানো যাবে না। আন্তঃ রাজ্য বাস চালানো হবে না। ভেলোর বা অন্য রাজ্য থেকে বাংলায় পাঠানো হচ্ছে। সীমানায় আটকে থাকা অনেককেই ফিরিয়েছি। লকডাউন অনেক জায়গায় মানাই হচ্ছে না। তবু আমরা একজোট হয়ে করোনা মোকাবিলা করতে চাই।