গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১২টি বেড়েছে। মোট ৮০ জন পজিটিভের মধ্যে ১১টি পরিবারের প্রায় ৭০ জন রয়েছেন। ইতিমধ্যে কালিম্পং, হাওড়া-সহ ৭-৮টি হটস্পট চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাওড়াতে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। উলুবেড়িয়া ইএসআই হাসপাতাল ও সঞ্জীবনী হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছে। বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাবে রাজ্য। অ্যাম্বুল্যান্স লাগলে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষ সাহায্য করবে।

এদিন বৈঠক চলাকালীন প্রস্তাব আসতে দ্রুত দুটি বিষয় অনুমোদিত হয়। হাসপাতালের কাছে হোটেলে রাখা হয়েছে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের। সেই হোটেলে যাঁরা এঁদের দেখভাল করছেন তাঁদের করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিমায় যুক্ত করানোর প্রস্তাব আসতেই কয়েক মিনিটের মধ্যে মুখ্য সচিব রাজীব সিনহা জানান, এই ব্যবস্থা করা হচ্ছে। মেহতা বিল্ডিং স্যানিটাইজ করার প্রস্তাব আসে। এর একটু পরেই পুলিশ কমিশনার অনুজ শর্মা মুখ্যমন্ত্রীকে জানান, এই কাজ শুরু হয়ে গিয়েছে। বাগরি মার্কেট ও পোস্তা বাজার স্যানিটাইজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন বণিকসভাগুলিকে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, একেকটি বাজারের দায়িত্ব একেকজনকে নিতে। বাজারে যাঁরা আসবেন তাঁদের জীবাণুমুক্ত করার জন্য। মুখ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় পথ দেখাতে পারেন মানুষই। আসন্ন উৎসবের দিনগুলিতে বাড়িতে কাটাতে সকলকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।