উচ্চ মাধ্যমিকে বাকি তিনটি পরীক্ষা হবে জুনে। ক্লাস ইলেভেনের সকলকে পাস করানো হবে। বুধবার ১৫ এপ্রিল এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা সেমিস্টার দিতে হবে না, ফাইনাল সেমিস্টার দিলেই হবে। আইসিডিএস ১৫ মে অবধি বন্ধ থাকবে।
মুখ্য সচিব রাজীব সিনহা জানান, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। তবে ৫ জন ছাড়াও পেয়েছেন। এই মুহূর্তে করোনা পজিটিভ ১৩২ জন। আর কেউ করোনায় মারা যাননি। নমুনা পরীক্ষা হয়েছে ৩৪৭০টি।
মুখ্যমন্ত্রী বলেন, যে এলাকায় সংক্রমণ ছড়িয়েছে সেখানকার বাসিন্দাদের বলছি, আপনারা ঘরে থাকুন। পুলিশ হোম ডেলিভারির ব্যবস্থা করবে। সব নিয়ম মেনে চটকল, ইটভাঁটা, নির্মাণ শিল্পে কাজ শুরু করা যেতে পারে ১৫ শতাংশ কর্মী নিয়ে। চা প্রসেসিংয়ের কাজ ২৫ শতাংশ কর্মী দিয়ে করানো যাবে। রাস্তার কাজ করানোর পাশাপাশি একশো দিনের কাজ সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা বিধি মেনে করানো যেতে পারে। পঞ্চায়েতের মাধ্যমে নার্সারি, পুকুর পরিষ্কারের কাজ করানো হবে।