নবান্ন থেকে সোজা ভবানীপুরের রেশন দোকানে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ১৭ এপ্রিল নবান্নে তিনি জানান, পাঁচ কেজি করে চালের প্যাকেট করে রাখতে হবে। অন্য সামগ্রীও এভাবে প্যাকেট করে রাখতে হবে। রেশন দোকানের জায়গা না থাকলে দোকানের কাছে কোনও ক্লাবঘরে এই প্যাকেট করার কাজ হতে পারে।

ক্লাবঘর স্যানিটাইজ করে দেবে প্রশাসন। এই প্যাকেট করার কাজ করানো যাবে একশো দিনের জব কার্ডধারী মানুষদের দিয়ে। কৃষিকাজে একশো দিনের কাজের কনভারজেন্স ঘটিয়ে শ্রমদিবস তৈরি করা হবে। একশো দিনের কাজ যাঁরা করবেন তাঁদের সুতির মাস্ক দিতে হবে। ভবানীপুরে সারপ্রাইজ ভিজিটে গিয়ে রেশন দোকানগুলিতে এই নির্দেশের কথা জানান মুখ্যমন্ত্রী।

রেশন দোকানের কর্মচারীদের পাশাপাশি সাংবাদিকদের মাস্ক দেন তিনি। কথা বলেন ভবানীপুরের সাধারণ মানুষের সঙ্গে, মাস্ক বিলিও করেন। সাধারণ মানুষকে দেখান মাস্ক না থাকলেও কীভাবে মুখ, নাক কাপড় দিয়ে ঢেকে রাখতে বলেন। সামাজিক দূরত্ব কীভাবে বজায় রাখতে হবে তা হাতেকলমে দেখান। বলেন, বাড়িতে থাকুন। সকলে ভালো থাকবেন। আরও মাস্ক পাঠাব। সাধারণ মানুষ বলেন, দিদি আপনিও ভালো থাকুন।


