অবিলম্বে সব বিমান বন্ধ রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ২৩ মার্চ প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, সারা দেশ করোনার কবলে পড়েছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার একজোট হয়ে কোভিড-১৯ মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করেছে। রাজ্য পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করেছে তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, অবিলম্বে বাংলায় সব বিমান ঢোকা বন্ধ রাখার পদক্ষেপ করা হোক। করোনা সংক্রমণ রুখতে রাজ্য যথাযথ পদক্ষেপ করেছে। কিন্তু বিমান আসা বন্ধ না হওয়ায় শাটডাউন ও কোয়ারেন্টিন প্রোটোকল অনেকেই মানছেন না। ফলে সংক্রমণের আশঙ্কা থাকছে। এরপর বিকেলেই অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়ে দেয়, দেশজূড়ে মঙ্গলবার ২৪ মার্চ মধ্যরাতের পর কোনও যাত্রীবাহী বিমান চলবে না। তবে কার্গো বিমান চলবে।
