কলকাতা ও হাওড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি। সে কারণেই সংক্রমিত এলাকাগুলিতে লকডাউন জোরদার করা হয়েছে। মঙ্গলবার ২১ এপ্রিল লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় বেরোন মুখ্যমন্ত্রী। গাড়িতে ছোটো মাইক লাগিয়ে তিনি রাজাবাজার, পার্কসার্কাস, তপসিয়া-সহ বিভিন্ন এলাকায় গিয়ে তিনি সাধারণ মানুষের উদ্দেশে সচেতনতার বার্তা দিয়ে বলেন, দেশকে বাঁচাতে আগে করোনাকে হারাতে হবে। আপনাদের সহযোগিতা চাইছি। দেশে এতো বড়ো লকডাউন আগে হয়নি। কিন্তু উপায় না থাকায় লকডাউন করতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে সব ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে বলে আমি ক্ষমাপ্রার্থী।

করোনা যাতে আর না ছড়ায় সেজন্য ঘরে থাকুন, মাস্ক পরুন, হাত ধোবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না বলে খারাপ লাগছে। লকডাউন ভাঙছি, এটা যাতে কেউ না বলতে পারে সেজন্য গাড়িতে বসেই কথা বলছি। বাজার, দোকান যেখানে খোলা আছে সেখান থেকে কিনুন। যেখানে বন্ধ সেখানে কোনও কিছু দরকার হলে পুলিশকে বা আমাদের হেল্পলাইনে জানান। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন। ভয়ের কিছু নেই। কোথাও খাবারের দরকার হলে, হাসপাতালে ভর্তি হতে হলে যে কোনও সমস্যার কথা পুলিশকে জানান। পুলিশ সবরকম সহযোগিতা করবে।

