বাংলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। ফলে বিকেল ৫টা অবধি রাজ্যে করোনা পজিটিভ ৮৯ জনের। মৃতের সংখ্যা বাড়েনি। শুক্রবার ১০ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে মৃতের সংখ্যা নাকি কমিয়ে দেখানো হচ্ছে। বাস্তব সেটা নয়। মৃতের খবর এলে সেই বিষয়গুলি খতিয়ে দেখছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া অডিট কমিটি। সেই কমিটির দেওয়া তথ্য মেনে মৃতের সংখ্যা বলা হচ্ছে। কলকাতা কর্পোরেশন-সহ কোনও পুরসভার ডেথ সার্টিফিকেটে করোনা পজিটিভ লেখার অধিকার নেই। মুখ্য সচিব জানান, রাজ্যে সরকারি কোয়ারেন্টিনের সংখ্যা ২০টি বাড়িয়ে ৫৮২ করা হয়েছে। এ পর্যন্ত ২০৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। সরকারি কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ৪৫০ জনকে ছাড়া হলেও নতুন করে ১১৩ জনকে রাখা হয়েছে। তাঁরা নতুন করে আক্রান্তদের সংস্পর্শে এসেছিলেন। সরকারি কোয়ারান্টিনে এখন আছেন ৪৮৩০ জন। গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছিল ৫৫৪৯৮ জনকে, বেশ কয়েকজন ছাড়া পাওয়ায় এখন রয়েছেন ৪৪৪৭৪ জন।
ডা. অভিজিৎ চৌধুরী বলেন, লকডাউনের সুফল মিলছে, বাংলায় সংক্রমণের হার কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে নজর রেখেছেন। সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতে ডা. ঢালি দুদিন থাকবেন। সব জেলাতেই পর্যাপ্ত সরঞ্জাম পৌঁছেছে। বৃহস্পতিবার আমরা প্রশাসনিক বৈঠক করেছি। উত্তরবঙ্গ নিয়েও আশঙ্কার কিছু নেই, সেখানেও অবস্থা স্থিতিশীল।