লোকসভার পর বৃহস্পতিবার ১২ মার্চ রাজ্যসভায় অনেক কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু উত্তর দেওয়া দূরের কথা বিরোধীদের কোনও প্রশ্নই শুনলেন না! এরপরই অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা তথা মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে দিল্লি, এনআরসি, এনপিআর, সিএএ নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে সংসদকে, গণতন্ত্রকে আবার হত্যা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মুখে তৃণমূল ছটি শব্দ শুনতে চায়- ‘নো এনআরসি, নো এনপিআর, নো সিএএ’। তিনি তা বলেননি। তৃণমূল-সহ বিরোধীদের কোনও প্রশ্নই শোনেননি, উত্তর দেওয়া দূরের কথা। এ সব কী হচ্ছে? পরে ওঁর অফিসে কফি মিটিংয়ে আমাদের উনি ডাকেন। সেখানে আমরা কেন যাব? কীসের কফি মিটিং। আমরা আপনার অফিসে আমন্ত্রণ চাই না। সংসদে দাঁড়িয়েই ওঁকে দেশের নাগরিকদের জবাব দিতে হবে।