কেন্দ্রীয় সরকারের হয়ে রাজনৈতিক ভাইরাস ছড়াতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল বা আইসিএমটি। শনিবার ২৫ এপ্রিল এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি বলেন, কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে পৌঁছানোর তিন ঘন্টা পর সেই কথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এতেই আসল উদ্দেশ্য স্পষ্ট।তাছাড়া ওঁরা যেখানে যাচ্ছেন এমন জায়গায় হয় সেটা হটস্পট নয় বা দু সপ্তাহ ধরে সেই জায়গায় সংক্রমণ মেলেনি।

ফলে ওঁদের আসার গ্রহণযোগ্য কারণ নেই, শুধু বাংলায় রাজনৈতিক ভাইরাস ছড়াতে তাঁদের পাঠিয়েছে কেন্দ্র। আইসিএমটিকে কটাক্ষ করে ডেরেক বলেন, এর পুরো অর্থ ইন্ডিয়া’স মোস্ট ক্যালাস টিম। ওদের বক্তব্য, আই মাস্ট কজ ট্রাবল অর্থাৎ সমস্যা তৈরি করতেই তাঁদের আসা। তিন সপ্তাহের বেশি সময় ধরে কালিম্পঙে করোনা সংক্রমণ নেই। সেখানেই আজ যায় কেন্দ্রীয় প্রতিনিধিদল!