আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য চারজন প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। চারজনের জয় নিশ্চিত। পঞ্চম আসনের জন্য নির্দল প্রার্থী হিসেবে লড়বেন দীনেশ বাজাজ। শুক্রবার ১৩ মার্চ ২০২০ এই তৃণমূল কংগ্রেসের নেতা বিধানসভায় এসে বলেন, আমি নির্দল হিসেবে লড়ব। এদিন মনোনয়ন জমা দেন দীনেশ বাজাজ। তিনি জানান, তাঁর মনোনয়নপত্রে ১০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়কের সই রয়েছে। এ বিষয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি আমাদের সমর্থন চেয়েছিলেন। আমাদের অতিরিক্ত বিধায়করা তাঁকে সমর্থন করে থাকতেই পারেন। তিনি জিতবেন কিনা তা নির্বাচনের পরেই স্পষ্ট হবে।
মনোনয়ন জমা দিয়ে দীনেশ বাজাজ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েছি। তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন বিধায়কের ভোট অতিরিক্ত থাকবে তা আমাকেই দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছি। আগেও তৃণমূল কংগ্রেস করতাম। বিধায়ক ছিলাম। সবাই এগিয়ে যেতে চায়। তাই দোটানা কাটিয়ে নির্দল হিসেবে রাজ্যসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিলাম। শুক্রবার ১৩ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ মিনিটে দৌড়ে গিয়ে মনোনয়ন জমা দিয়ে এ কথা বলেন নির্দল প্রার্থী দীনেশ বাজাজ। তিনি বলেন, কংগ্রেস, বাম সবার বিধায়কের কাছেই সমর্থন চাইব। বিজেপি? দীনেশের কৌশলী জবাব, বিধায়কের কাছে সমর্থন চাইতেই পারি, দলের কাছে তো চাইছি না।
তাঁর বক্তব্য শুনুন..