সবাইকে আরেকবার অনুরোধ করছি আপনারা আরো সচেতন হন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না– চিকিৎসক হিসেবে সবাইকে সাবধান থাকার পরামর্শ দিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক, রাজ্যের মন্ত্রী ডা. নির্মল মাজি। তাঁর সংযোজন, আপনারা বাড়িতে থাকুন। একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবেন না। আর যদি বেরোতেই হয় তাহলে এক মিটার দূরত্ব বজায় রাখুন। রাস্তায় বেরিয়ে এই সময় করমর্দন, পায়ে হাত দিয়ে প্রনাম, আলিঙ্গন এসব করবেন না। এসব কিছু থেকেই সংক্রমণের প্রবল সম্ভবনা রয়েছে। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে নমস্কার করে সম্মান জানান।
আপনাদের বলছি, নিজেদের ঘরবন্দি ভাববেন না। আমরা সবাই ঘরে থাকলে তবেই এই অতিমারী থেকে দ্রুত মুক্তি পাবো। ঘরে থাকার সংকল্প আমাদের নিতেই হবে।

এই সময় সবাই পুষ্টিকর খাবার খান। এখন হাতে প্রচুর সময় রয়েছে। সকালে বা বিকেলে বাড়িতেই একটু শরীর চর্চা করুন। শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে। হাত ভালো করে ধোবেন। সানিটাইজার কিংবা সাবান ব্যবহার করবেন। হাতে কোনো আংটি রাখবেন না। কারণ আংটি থেকে সংক্রমণ ছড়ানোর ভয় রয়েছে। তাই সবাইকে অনুরোধ করবো আংটি খুলে ফেলুন। এই সময় কুসংস্কারে ভরসা করবেন না। ভ্রান্ত ধারণা মনে আনবেন না। বিজ্ঞানে আস্থা রাখুন। চিকিৎসক, চিকিৎসা কর্মীর ওপর ভরসা রাখুন।
এদিন উলুবেড়িয়া-২ ব্লক কার্যালয়ে ৫০ জনের বেশি রোগী দেখেন তিনি। একইসঙ্গে ২০০ টি গরিব প্রান্তিক পরিবারের হাতে চাল, ডাল, আলু তুলে দেন। তুলে দেন হ্যান্ড সানিটাইজার।

তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ প্রদর্শক। করোনা মোকাবিলা করতে, গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি যে ভাবে কাজ করে চলেছেন তা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করছে। আমরা তাঁর নির্দেশমতো কাজ করে চলেছি।