স্কুল বন্ধ, তো কি, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছলেন স্কুলের স্যার, ম্যাডামরা। আমরা তোমাদের সঙ্গেই আছি— এই বার্তা দিতে পাঁচ দিনের এক বিশেষ কর্মসূচী নিয়ে পথে নেমেছেন দমদম শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের শিক্ষক, শিক্ষিকারা। গতবছর মার্চ মাসের শেষ থেকে স্কুল কার্যত বন্ধ। এ বছর ফেব্রুয়ারিতে স্কুল খুললেও করোনার দ্বিতীয় ঢেউ-এর কারণে আবার স্কুল বন্ধ হয়ে যায়। গত একবছর ধরে অনলাইন ক্লাস চললেও ছেলেমেয়েদের সঙ্গে সরাসরি যোগাযোগের কোন উপায় ছিলনা।

ছেলেমেয়েরা যাতে নিজেদের একা মনে না করে, তারা যাতে তাদের মাস্টারমশাই, দিদিমণিদের সঙ্গে একাত্ম বোধ করতে পারে, সে কারনেই আমরা ছাত্রছাত্রীদের দূয়ারে পৌঁছনোর উদ্যোগ নিয়েছি— বললেন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক অসীম কুমার নন্দ। তিনি জানান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের আর্থিক সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু খাদ্যসামগ্রী, বই-খাতা, পেন, চকলেট তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের হাতে। গতবছরও স্কুলের পক্ষ থেকে আম্ফান দূর্গতদের সাহায্যে এক লক্ষ টাকা সরকারি ত্রাণ তহবিলে দেওয়া হয়।

আগামী চারদিন ধরে চলবে ছাত্রছাত্রীদের দুয়ারে পৌঁছনোর কর্মসূচি। শুক্র, শনিবার— এই দুদিন বেলগাছিয়া থেকে দমদম পর্যন্ত স্কুল পৌঁছে গেছে পাড়ায় পাড়ায়। প্রধান শিক্ষক জানান আগামী সোম, মঙ্গলবারও চলবে এই কাজ।