করোনার জেরে আদালত বন্ধ থাকায় শুনানি হচ্ছে না, মিলছে না জামিন ও প্যারোল। করোনা-সতর্কতায় বাড়ির লোকজনের সঙ্গে দেখাও করতে পারছেন না। এই পরিস্থিতিতে শনিবার ২১ মার্চ উত্তপ্ত হয়ে ওঠে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার। রাগে কর্মীদের উপর চড়াও হন বন্দিরা। আগুন লাগানো হয়, পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন বন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পাঁচিল ভেঙে ইটবৃষ্টি শুরু করেন বন্দিরা। বন্দি-কর্মী খণ্ডযুদ্ধের খবর পেয়ে সেখানে যায় বারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী। নামানো হয় RAF ও কমব্যাট ফোর্স। টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। ঘটনাস্থলে গেলে আক্রমণের মুখে পড়েন দমকলকর্মীরা। কারা দফতরের ডিজিকে সঙ্গে নিয়ে দমকলমন্ত্রী সুজিত বোস ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, আগুন নেভাতে গিয়ে বাধা পেতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবরকম চেষ্টা চলছে।
ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত বিচারাধীন বন্দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দিদের কাছে কীভাবে বন্দুক গেল তা খতিয়ে দেখা হচ্ছে। জেলকর্মীদের তৎপরতায় কেউ পালাতে পারেনি। আগুন আয়ত্তে এলেও উত্তেজনা রয়েছে। দফায় দফায় খণ্ডযুদ্ধ চলার মধ্যে বন্দিরা ভাঙচুর চালিয়ে আগুন জ্বালানো য় সংশোধনাগারে ক্ষতি হয়েছে অনেকটাই।





