আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানে আজ বিকেলে দেশপ্রিয় পার্কে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা-সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি। ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলের সামনে ২১শে উদ্যান তৈরি করেন। প্রতি বছরের মতো সেখানে এবারও পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০ ভাষা শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন সাংসদ মালা রায়, ডা. শান্তনু সেন, যোগেন চৌধুরী, মেয়র পারিষদ দেবাশিস কুমার প্রমুখ। ফিরহাদ হাকিম বলেন, ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী ঢাকায় গিয়েছিলেন। তারপর এই ২১শে উদ্যান ও দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাষা শহিদ স্মারক তৈরি হয়। এই ভাষায় আমরা কথা বলি, গান গাই, স্বপ্ন দেখি, ভাবি। তাই সকলকে আজকের দিনে শুভেচ্ছা জানাই। বাংলা ছাড়া অন্য ভাষা যাঁদের মাতৃভাষা তাঁদেরও শুভেচ্ছা জানাই।


