খুব শিগগিরই প্রতীক্ষার অবসান হতে চলেছে। শহরের রাস্তায় নামতে চলেছে ডাবল ডেকার বাস। ফিরছে দোতলা বাসের ঐতিহ্য। এবার লন্ডনের আদলে এই আধুনিক দোতলা বাসে নাগরিকরা যাতায়াত করতে পারবেন। হুডখোলা বাসে চড়ে পৌঁছে যাওয়া যাবে নিজের গন্তব্যে। কিছুদিন আগেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সুখবর দিয়ে জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যেই শহরের রাস্তায় দোতলা বাস নামানো হবে। সেই অপেক্ষাই পূরণ হতে চলেছে। কলকাতার পুরনো ঐতিহ্য দোতলা বাস। তবে আগের বাসগুলো যেমন দেখতে ছিল, নতুন বাসগুলি দেখতে পুরো অন্যরকম। যাত্রী পরিষেবার নানা অত্যাধুনিক ব্যবস্থাও রয়েছে বাসটিতে। আরও ঝকঝকে এই নতুন দোতলা বাস রাজ্যের পরিবহন ব্যবস্থার মুকুটে নতুন পালক যোগ করতে চলেছে।