চারধারে নদী। মাঝখানে নতিবপুর গ্রাম। খানাকুলের এই গ্রামকে সকলেই এক ডাকে চেনে। কারণ একটাই এখানের মতো বাজি আর কোথাও হয় না। যেমন জোরালো আওয়াজ, তেমনি চোখধাঁধানো রঙমশাল, ফুলঝুরি। এখানেই শেষ নয়, গাছ বোমার আওয়াজ ও বাজির ফাটার মাধ্যমে বিভিন্ন চিত্র দেখতে পাওয়া যাবে। এক আধ দিন নয়। দেড়শো বছর ধরে চলে আসছে। বংশ পরম্পরায় এই কাজে যুক্ত থেকে বর্তমানে পঞ্চাশটির বেশি ঘরে এই কাজ কারবার করে আসছে। এটা না করলে ভাত জুটবে না। এই ধারণাই পেয়ে বসেছে পঞ্চাশটি পরিবারের মালিকের। দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারটা বুঝেও বুঝতে চায় না। নিয়মনীতি বিসর্জন দিয়ে তাই আজও বাজি তৈরি হচ্ছে, শব্দবাজিও বাঁধা হচ্ছে।
সারা বছর বিবাহ উৎসব লেগেই আছে। আনন্দের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বাজি পোড়ানো। কালীপুজো থেকে বিভিন্ন ধরনের পুজো তো বটেই, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানেও বাজি পোড়ানো অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। বাজির চাহিদাও বাড়ছে। তাই ইসলাম, জয়নাল আবেদিন, সকুর আলি, আবজল আলি এদের কারও কথা বলার সময় নেই। দিনরাত বাজি তৈরির কাজ চলছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম না মেনেই শক্তিশালী বা উচ্চক্ষমতাসম্পন্ন আওয়াজের বাজিও এখানে তৈরি হচ্ছে। পাশাপাশি তুবড়ি, রঙমশাল, ফুলঝুরি, দড়িবাজি, সাপবাজি, পটকা, চকোলেট এবং গাছ বোমও তৈরি হচ্ছে৷ পুলিশ নির্বিকার। আশপাশ জেলা থেকে ছোটো-বড়ো ব্যবসায়ীরা এখানে আসছেন এবং সস্তা দরে তা কিনে নিয়ে যাচ্ছেন। কেবল পুজোর জন্য নয়, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের জন্যও বাজি যাচ্ছে এখান থেকে। উল্লেখ করা যেতে পারে দেড়শো বছর ধরে চলতে থাকা এই কারবারগুলি এখন বারুদের স্তূপ হয়ে দাঁড়িয়েছে।

নতিবপুরের বরখানতলা যে কোনো দিন বড় ধরনের বিস্ফোরণের কবলে পড়তে পারে। আর তা যদি হয় তাহলে কোনও একদিন বরখানতলার সাহা পাড়া নিশ্চিহ্ন হয়ে যাবে বলে এলাকার বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছে। ইতিমধ্যে এখানে কয়েকবার ঘটে গেছে ছোটো-বড়ো বিস্ফোরণ। কয়েকটি কারখানা বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। তবুও থেমে নেই বাজি তৈরি। একটাই কারণ, তা হল পেটের তাগিদ। এমনকী বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন শিশু থেকে বৃদ্ধ মানুষ। ঘটনা পুরোটাই ধামাচাপা দেওয়া হয়েছে। এমনকী স্থানীয় খানাকুল থানাও জানে না। পুলিশ আসে না। এরকম ছোটো বড় ঘটনা দেড়শো বছরে অনেক ঘটে গেছে। তবু পেশা থেকে ছেড়ে আসেনি এখানকার পরিবারগুলি। বেকার শিক্ষিত যুবক আবজল আলি। চাকরির বহু চেষ্টা করেও না পাওয়ায় বাবার পেশা বাজি তৈরিকে বেছে নিয়েছেন। আবজল জানে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়মনীতি। শিক্ষিত বলেই তাই মেনে চলে। নিষিদ্ধ বাজি তৈরি বন্ধ রেখেছে। তুবড়ি, রঙমশাল, ছোটখাটো পটকা, চকলেট বাজি তৈরি করেন। তিনি জানান, ৫০টি ছোটবড়ো বাজি তৈরির কারবার আছে। এরসঙ্গে যুক্ত আছে প্রায় পাঁচশ লোক। এদের সকলের রুটি রোজগার এর উপরই। কোনও কাজ না পেয়ে বাজি তৈরির পেশাই বেছে নিয়েছে। ইসলাম সাহা, আবজল আলি, জয়নাল আবেদিন, সকুর আলি, আয়ুব আলিদের সকলের একমত আমরা কোনও অন্যায় বা চুরি ডাকাতি করিনি। পেটের দায়ে এই ব্যবসায় যুক্ত হয়েছি।

এদের ছেলেপুলেরাও এই কারবার চালাবে বলে মনে করেন। বর্তমানে ৫০টি বাজি তৈরির কারবারে কয়েকশ লোক নিযুক্ত। এরমধ্যে শিশু শ্রমিকও ১০-১৫ জন আছে। এরাও কাজ করছে। বাজির মশলা তৈরি, বাঁধা, সব কাজেই এরা পটু। আবার একদল শিশুকে দেখা যায় কাজ শিখতে। এই ভয়ংকর কাজের সঙ্গে যুক্ত থাকার কোনও ভীতি নেই এদের। কেবলই কাজের উন্মাদনা, আর অর্থ উপার্জন। এই নেশাই কেবল পেয়ে বসেছে। এতবড়ো কাজ কারবার চালানোর জন্য প্রতিটি কারবারে একজন করে অভিজ্ঞ প্রশিক্ষক আছেন। তাঁরা কাজ শিখিয়ে দেন। কোন বাজিতে কতটা মশলা, কিভাবে বাঁধতে হবে তা অতি সূক্ষ্মভাবে দেখিয়ে দেন। একটু গোলমাল হলেই বিস্ফোরণ। তাই সদা সতর্ক থাকেন এরা।
প্রসঙ্গত, এখানকার বাজি করতে যত মশলা লাগে সবই কলকাতা থেকে নিয়ে আসে। এরমধ্যে থাকে সোরা, গন্ধক, পাইরো, অ্যালমুনিয়ামচুর ইত্যাদি। যাতে আনার সময় ধরপাকড় না হয় এজন্য লুকিয়ে ছাপিয়ে আনে। অনেক সময় ধরাও পড়েছে পুলিশের হাতে। উল্লেখ করা যেতে পারে এদের তৈরি বাজি বেশিরভাগ হাওড়া ও কলকাতার ব্যবসায়ীরা নিয়ে যায়। এছাড়া মেদিনীপুর ও হুগলির অন্যান্য জায়গায়, বাজি এখান থেকেই যায়। এদের বাজিতে কোনও লেবেল সাঁটা নেই। ব্যবসায়ীরা কিনে নিয়ে নিজের পছন্দমতো লেবেল সেঁটে দেন। এবং উচ্চ দামে বিক্রি করেন। এখানকার বাজির গুণমান ও আওয়াজ, কারুকাজ রাজ্যের অন্য কোনও কারখানার বাজির সঙ্গে তুলনা হয় না বলে এরা মনে করেন। তাই বিক্রিও বেশি।

আবজলের অকোপট স্বীকারোক্তি, বহু কষ্টে ও বিপদের মধ্যে কাজ করে উপযুক্ত পয়সা পাই না। তৈরি বাজি ব্যবসায়ীরা কিনে নিয়ে বহুমূল্যে বিক্রি করে এবং প্রচুর অর্থ তারাই উপার্জন করে থাকেন। সারা বছর ধরে কাজ করেও এখনও কাঁচা মাটির ঘরে বাস করতে হচ্ছে। বহু বসতি বাড়ি আছে। যা এখনও মুখ থুবড়ে পড়ে আছে। দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা। বছরে প্রতি মাসে গড় আয় ৩-৪ হাজার টাকা। এ থেকেই ছেলেমেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও খাওয়ার খরচা। ফলে সঞ্চয় করা যায় না। প্রতিবন্ধী হয়েও এসা হক সাহা এই কাজের সঙ্গে যুক্ত। একটা পা নেই তো কি হয়েছে? একলাই চালিয়ে যাচ্ছেন একটা ছোটো কারখানা। কয়েকজন যুক্ত এই কারখানায়। সবরকম বাজিই এখানে তৈরি হয়। প্রতিবন্ধী হয়েও যা অর্থ উপার্জন করেন তাতে অন্নের অভাব হয় না। একই অবস্থা জয়নাল আবেদিনের। ইনিও প্রতিবন্ধী। ডান হাতটা পুরো অকেজো। বাঁ হাত আছে। এক হাতেই সমস্ত কাজ দেখভাল করেন এমনকী নিজেও কাজ করেন। সেরকম অভাব নেই। ছেলেমেয়েদের লেখাপড়া শেখান। মোটামুটি স্বচ্ছলভাবেই সংসারটা চলে যাচ্ছে।
প্রসঙ্গত এত বড়ো বাজি তৈরির কারখানা গড়ে উঠেছে এখানে তার জন্য কোনও নিরাপত্তা নেই। নেই কাছাকাছি ফায়ার ব্রিগেড়। চারধারে নদী থাকায় আশপাশের গ্রাম থেকেও লোকজন সহজে যেতে পারে না। কখনও বিস্ফোরণ ঘটলে পাড়ার চার পাঁচটি চাষের কাজে সেচ দেওয়া পাম্পসেট নিয়ে যাওয়া হয়। তাতেই তদারকি ও আগুন নেভানো হয়। বাজি তৈরির কারবারগুলির পাশেই বড়ো উচ্চমাধ্যমিক বিদ্যালয়। ছাত্র ছাত্রীদের কানে অনবরত ছোটো বড়ো বাজির আওয়াজ ব্যতিব্যস্ত করে তোলে। বারুদ ও মশলায় বর্জ্য পড়েছে সাহা পাড়ার ছোটোবড়ো পুকুরগুলিতে। জল হয়েছে কালো, সেই জলেই হাত মুখ ধোওয়া, বাসন মাজা এবং পশুদের খাওয়ানো। বাজি তৈরি করতে করতে সেই হাতেই জল ও খাবার খাওয়া। এ দৃশ্য নিত্যদিনের। এখানে প্রায় প্রতিটি লোকই পেটের রোগে ভুগছেন। বাচ্চারাও রেহাই পায়নি। ডাক্তার লেগেই আছে। স্বাস্থ্য খাতে পয়সা চলে যায় এখানকার বাসিন্দাদের।

বারুদের স্তূপে দাঁড়িয়ে বরখানতলার খেটেখাওয়া মানুষ। পুলিশের নেই ধরপাকড়। সহজ সরলভাবে কাজ করছে এরা। যে কোনও দিন বিস্ফোরণ ঘটতে পারে তা জেনেও। আরামবাগের দমকল বাহিনী এখানে যেতে পারবে না। নদী অতিক্রম তাদের নাগালের বাইরে। এত কিছুর পরও এখানেই জমিয়ে বসেছে বাজির মেলা। জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী। আসছেন হাজার হাজার টাকার বাজি কিনছেন, আবার নিঃশব্দে চলে যাচ্ছেন। খেলার মাঠে মেলা। রয়েছে রকমারি বাজি। নিষিদ্ধ বাজিও বিক্রি হচ্ছে। গাছবোমা, বড় বড় চকোলেট, কালী পটকার মতো বাজিও আড়ালে আবডালে নয়, প্রকাশ্যে দিনের বেলাতেই বিক্রি হচ্ছে। এ দৃশ্য নতিবপুরে গেলেই দেখা যাবে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানান, নতিবপুরে প্রকাশ্যে নিষিদ্ধ বাজি তৈরি ও বিক্রি হচ্চে বলে জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব। তবে যদি কেউ নিষিদ্ধ বাজি তৈরি বা বিক্রি করে তাহলে অবশ্যই গ্রেপ্তার করা হবে। মেলার কথা জানতে চাওয়া হলে দিলীপবাবু জানান, মেলায় কেউ নিষিদ্ধ বাজি বিক্রি করলে সমস্ত বাজি বাজেয়াপ্ত এবং ব্যক্তিকে আটক করা হবে।