শুশুনিয়া পাহাড়ের আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই ফের আগুন বাঁকুড়ায়। এবার বড়জোড়া বাজারে। মঙ্গলবার ৭ এপ্রিল বিকেলে শুশুনিয়া পাহাড়ে আগুন লক্ষ্য করা যায়। শুকনো পাতায় আগুন লেগে তা দাবানলের রূপ নয়। হাওয়া থাকায় আগুন ছড়াচ্ছিল। আয়ত্তে আনতে বেগ পেতে হয় দমকলকে। যদিও বুধবার সকাল থেকে আগুনের ছড়িয়ে পড়া কমতে থাকে। স্থানীয় পরিবেশকর্মীরা গিয়ে তা পুরোপুরিভাবে নেভান। অনেক পশুর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। শুশুনিয়া পর্যটকদের কাছে একটা বড়ো আকর্ষণীয় জায়গা। তাই কে এই কাণ্ড ঘটাল তা খুঁজে বের করতে তদন্ত শুরু হলো।

এর মধ্যেই বিকেলের দিকে আগুন লাগে বড়জোড়া বাজারে। সাড়ে চারশো দোকানের মধ্যে প্রায় সাড়ে তিনশো দোকান পুড়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। লকডাউনের মধ্যে এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষতি হলো ব্যবসায়ীদের। তাঁদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও স্থানীয় প্রশাসন। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

এরই মধ্যে সকাল ১১টা ২৪ নাগাদ ভূমিকম্প হয় বাঁকুড়াতে। রাইটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। বাঁকুড়া-সহ জঙ্গলমহলের কিছু এলাকা, এমনকী দুর্গাপুরেও মৃদু কম্পন অনুভূত হয়।
