বাংলার মানুষের কী হলে উপকার হয়, বাংলাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সব সময় তা নিয়ে ভাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা শাসক নই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নাগরিকদের সেবক। মুখ্যমন্ত্রী বাসস্ট্যান্ডের নাম ‘নাগরিক’ রেখেছেন, তা নাগরিকদের পরিষেবা দিতেই উৎসর্গ করা হলো। শুক্রবার ৬ মার্চ গড়িয়ায় ‘নাগরিক’ বাসস্ট্যান্ডের উদ্বোধন করে এ কথা বলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। বিজেপি নেতাদের তিনি বলেন, মাঝেমাঝে দৈববাণী আসে, আচ্ছে দিন নাকি আসবে, বাংলায় ক্ষমতায় এসে নাকি দিল্লি বানাবে! অল্প লোককে অল্প দিন বোকা বানিয়ে রাখা যায় চিরকাল যায় না। বাংলার মানুষকে বোকা বানানো যায় না। তাই আমরা পরিষেবা দিচ্ছি, দেবো। মানুষ আমাদের আশীর্বাদ করবেন, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। তাঁরা যা চোখে দেখবেন, সেটাকেই বিশ্বাস করবেন। তাঁরা আমাদের কাজ দেখছেন। আমরা চিরকাল বেঁচে থাকব না। কিন্তু নাগরিক-পরিষেবা থেকে যাবে।