করোনা ও ডেঙ্গি সতর্কতায় রাজ্যের পুরসভাগুলির সঙ্গে বৈঠক করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার ৯ এপ্রিল এই বৈঠকের পর তিনি জানান, করোনা ও ডেঙ্গি মোকাবিলায় কীভাবে কাজ করতে হবে তা বলেছি। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে বেশি করে সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করতে বলা হয়েছে। এই সোডিয়াম হাইপোক্লোরাইড জলে মশার লার্ভা মারতেও উপযোগী। এর জোগান যাতে ঠিক থাকে সেজন্য উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।

এ ছাড়া ঘরে ঘরে যাবেন স্বাস্থ্যকর্মীরা।তাঁদের মাস্ক, গ্লাভস পরতে হবে। হটস্পট এলাকায় গেলে পিপিই পরে যেতে হবে। কলকাতা পুরসভা বাদে অন্য পুরসভাগুলির অ্যাম্বুলান্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য উইকেয়ার নামে বিশেষ পোশাক দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে জলের ব্যবহার বেড়ে গেছে। হাত ধোয়া বা স্নান বেশি করতে হচ্ছে। তাই জল সরবরাহ ঠিক রাখতে বলা হয়েছে, জলের হাহাকার যেন না হয়। একসঙ্গে ট্যাপ খোলা কিনা বা ওভারফ্লো হচ্ছে কিনা, জলের অপচয় রুখতে সেদিকে নজর দিতেও বলা হয়েছে পুরসভাগুলিকে।
