বাংলায় সকলেই রেশন পাবেন। চিন্তার কিছু নেই। শনিবার ৪ এপ্রিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তৎপরতার সঙ্গে কাজ করছে খাদ্য দফতর ও কলকাতা কর্পোরেশন। যাঁদের রেশন কার্ড আছে তাঁরা রেশন পাবেন। যাঁদের কার্ড তৈরি হয়ে গেলেও ডাকঘরে পড়ে রয়েছে তাঁদের কুপন দেওয়া হচ্ছে। জেলায় যুদ্ধকালীন তৎপরতায় এ কাজ করছেন জেলাশাসক।

কলকাতা কর্পোরেশন করছে বরো চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে। যাঁদের কাছে এখন কার্ড নেই তাঁরা ১০ তারিখের পর থেকে রেশন পেয়ে যাবেন। কোথাও ডিলারদের জিনিস মজুত না রাখার সমস্যা ছিল, তা মঙ্গলবারের মধ্যেই মিটে যাবে।

তবে ইচ্ছে করে যে রেশন ডিলাররা হেনস্থা করছেন গ্রাহকদের, তাঁদের বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা নিচ্ছে খাদ্য দফতর। বাংলার কাউকে অভুক্ত থাকতে হবে না। এদিন ‘টক টু মেয়র’ চলাকালীন রেশন নিয়ে অভিযোগ আসায় দ্রুত ব্যবস্থা নেন ফিরহাদ।