দিলীপ ঘোষ থেকে দেবশ্রী চৌধুরী, এমনকী যোগী প্রশাসনকে ধুয়ে দিলেন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তা শুনে সাংবাদিক সম্মেলনের পর অনেকেই বললেন, যেভাবে চারদিক স্যানিটাইজড করা হচ্ছে তাতে বিজেপি-ভাইরাসদের স্যানিটাইজ করে দিলেন ববি।
দিলীপ ঘোষ বাড়িতে বসে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমালোচনা করেছেন। সে প্রসঙ্গে ফিরহাদ বলেন, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়! চোর সবাইকে চোর ভাবে! যখন সারা বিশ্বে করোনা ছড়িয়েছে তখন রাজ্য সরকার কেন তথ্য গোপন করতে যাবে? মুখ্যমন্ত্রী নিজে মানুষের পাশে থেকে কাজ করছেন। সেটাই দরকার, বাড়িতে বসে ওঁর মতো প্রেস কনফারেন্সের সময় এটা নয়। অপদার্থকে বলি, ইন্টারন্যাশনাল ফ্লাইট কেন আগে বন্ধ হয়নি? উনি ইন্দোর দেখুন, কীভাবে সেখানে চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন। যোগী প্রশাসনকে অপদার্থ বলে ফিরহাদ বলেন, যেভাবে শ্রমিকদের উপর কুকুর, বেড়ালের মতো সরাসরি রাসায়নিক স্প্রে করা হলো তা অন্যায়, পাপ। এতে অনেকেরই চোখের সমস্যা ও শ্বাসকষ্ট হবে। দেবশ্রী চৌধুরীর লকডাউন ভেঙে মাস্ক বিলির সমালোচনা করে ফিরহাদ বলেন, এটা অন্যায়। হঠাৎ মনে হলো বলে নেমে পড়লাম, এটা ঠিক নয়। ওদের সবটাই পাবলিসিটি পেতে স্টান্টবাজি!