‘কিডনি হেল্থ ফর এভরিওয়ান এভরিহোয়্যার’- এই থিমকে সামনে রেখে বৃহস্পতিবার ১২ মার্চ বিশ্ব কিডনি দিবস উদযাপন করল কলকাতার ফর্টিস হাসপাতাল ও কিডনি ইনস্টিটিউট (FHKI)। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র পারিষদ দেবাশিস কুমার। এদিন কিডনি সুস্থ রাখার বার্তা দিয়ে সচেতনতা বাড়াতে ৪ কিলোমিটারের ওয়াকাথন আয়োজন করা হয়। প্রায় ১০০ জন এই পদযাত্রায় সামিল হন। এতে অংশ নেন এফএইচকেআইয়ের ইউরোলজি বিভাগের ডিরেক্টর ডা. শিবাজী বসু, ডা. আর কে গোপালকৃষ্ণ, ডা. শ্রীনিবাস নারায়ণ, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডা. উপল সেনগুপ্ত প্রমুখ। এফএইচকেআই থেকে ওয়াকাথন শুরু হয়ে গড়িয়াহাট ক্রসিং, একডালিয়া পরিক্রমা করে এফএইচকেআইতে এসেই শেষ হয়। সাধারণ মানুষের জন্য সেখানে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়েছিল। ওজন মাপা, রক্তচাপ মাপা, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, সুগার ইত্যাদি পরিমাপের বন্দোবস্ত ছিল। ডায়েট কীরকম হওয়া উচিত তার নিয়েও পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
