করোনা ও আমফানের জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার লড়াই চলছে হুগলিতেও। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তাঁর বিধানসভা এলাকার দেবানন্দপুরে মানুষের হাতে সবজি এবং মুদিখানা দ্রব্য তুলে দিলেন।আজ শুক্রবার ১২ জুন দেবানন্দপুরের সাহেবগঞ্জ বয়েজ ক্লাবের মাঠে এক সবজি হাটের মাধ্যমে এই সমস্ত জিনিসপত্র গরিব, অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচির উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের কৃষিজ বিপণনমন্ত্রী তপন দাশগুপ্ত।

বিধায়ক অসিত মজুমদার বলেন, করোনার সঙ্গে লড়তে গেলে আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। সেইমতো আমরা আজ এখানে যে সবজি হাটটি বসিয়েছিলাম সেই হাটে মানুষকে স্যানিটাইজেশনের গেট পেরিয়ে আসতে হয়েছে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রায় সাড়ে সাতশো মানুষের হাতে কাঁচা শাক-সবজি-সহ বিভিন্নরকম মুদিখানার জিনিসপত্র তুলে দিয়েছি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই আপৎকালীন অবস্থায় বাংলার কোনও মানুষ যেন অভুক্ত না থাকে, সেই ব্যাপারটা তৃণমূল কর্মীদের দেখতে হবে। সেইমতো আজকে আমাদের এই উদ্যোগ। দু-একদিনের মধ্যেই চুঁচুড়া বিধানসভা এলাকার সুগন্ধা এবং পোলবায় আরও দুটি এই ধরনের সবজির হাট বসাব।
ছবি ও সংবাদ: তরুণ মুখোপাধ্যায়