কথায় আছে না ‘স্বভাব যায় না মলে’। বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের ক্ষেত্রে এই প্রবাদ খাটে। এমনি সময় এখানে-ওখানে প্রদীপ জ্বালতে ছোটেন বিশাল কনভয় নিয়ে। করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়ে একটা আলুও কারও হাতে তুলে দেননি। তবে হ্যাঁ, বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন নিয়মিত। সেই সুরে কথাও বলছেন!

এই যেমন বুধবার ১৫ এপ্রিল সকালে খবরে থাকতে একটি টুইট করেছেন। কী ধৃষ্টতা! তিনি লিখেছেন, করোনাকে পরাস্ত করতে লকডাউনের সব বিধি প্রয়োগ করা উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পুলিশ-প্রশাসন নাকি সামাজিক দূরত্ব ১০০ শতাংশ নিশ্চিত করতে বা ধর্মীয় জমায়েত ঠেকাতে ব্যর্থ হয়েছে। এবং এ জন্যই লকডাউন নিশ্চিত করতে প্যারা মিলিটারি ফোর্স নামানোর পক্ষে সওয়াল করেছেন রাজ্যপাল। তাঁকে অনেকে যে পদ্মপাল বলে ডাকে তা যে ভুল নয়, দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় রেখে বিজেপি নেতার মতো কথা বলে তা আবার প্রমাণ করলেন তিনি।

স্বাভাবিকভাবে তাঁর এই বক্তব্য নিয়ে নানা জল্পনা শুরু হলেও এটা যে তাঁর স্বভাবসিদ্ধ বক্তব্য তা নিয়ে সন্দেহ নেই। কেউ বলছেন, উনি তো দুধ-ভাত, পাত্তা দেওয়ার দরকার নেই। কারও কথায়, রাজ্যপাল পদ ছেড়ে উনি তো পার্টিটাই করতে পারেন।