করোনা পরিস্থিতিতে ল্যাজেগোবরে গুজরাটের বিজেপি সরকার। তার মধ্যেই গুজরাট হাইকোর্টে চরমভাবে মুখ পুড়ল বিজয় রূপানি সরকারের। মঙ্গলবার ১২ মে গুজরাট হাইকোর্টের বিচারপতি পরেশ উপাধ্যায় রূপানি সরকারের সিনিয়র মন্ত্রী ভূপেন্দ্রসিং চুদাসামার বিধানসভা নির্বাচনের জয়কে অবৈধ ঘোষণা করলেন। চুদাসামা আবার গুজরাটের শিক্ষা, পরিষদীয়, আইন-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। গণনায় কারচুপির কারণেই গুজরাট হাইকোর্টের এই নির্দেশ। ২০১৭ বিধানসভা নির্বাচনে ঢোলকা কেন্দ্র থেকে ৩২৭ ভোটে জয়লাভ করেন চুদাসামা। এরপর গণনায় কারচুপি, প্রভাব খাটানো ও নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ এনে মামলা করেন ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, পেশায় কৃষক অশ্বিন রাঠোর। রিটার্নিং অফিসার যে ৪২৯টি পোস্টাল ব্যালট বাতিল করেছিলেন তা পুনর্গণনার দাবি জানানো হয়। কারচুপি প্রমাণ হওয়ায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে কড়া ভর্ৎসনা করেছে আদালত।