কলকাতা বলতে প্রথমেই চোখে ভাসে হাওড়া ব্রিজ। বিকেল হলে এখন সেই রবীন্দ্র সেতুই সেজে উঠছে নবরূপে। হাওড়া ব্রিজে এখন সুরের ছন্দ আর মায়াবি আলো। এই ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ‘সিগনিফাই’। আলোর জগতে পরিচিত নাম ফিলিপ্স এখন হয়েছে ‘সিগনিফাই’। সেই সংস্থার মাধ্যমে রবীন্দ্র সেতুতে লাগানো হয়েছে ৬৫০টি রঙিন এলইডি আলো। মিউজিকের সঙ্গে সেই আলোই ছন্দে ছন্দে কতো রং বদলায়! এর আগে এমনভাবেই সাজানো হয়েছে রাষ্ট্রপতি ভবন, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, সংসদ ভবন, সোমনাথ মন্দির, নর্থ ও সাউথ ব্লক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এই কালার কাইনেটিক্স লাইটিং সিস্টেম পুরোপুরি ইকো ফ্রেন্ডলি বলে জানিয়েছেন সিগনিফাই ইনোভেশনস ইন্ডিয়া লিমিটেডের ভাইস চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর সুমিত পদ্মকার যোশী।