ভারতে করোনা সংক্রমণ নিয়ে নিজামুদ্দিনে তবলিঘি জামাতের কর্মসূচির দিকে আঙুল তুলেছিল বিজেপি। বাংলার বিজেপি নেতারা তো বটেই, দেশের বিজেপি নেতারা তাঁদের টুইটে, ভাষণে বিশেষ একটি গোষ্ঠী বলে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন এমন কথা বিজেপি নেতাদের মতো রাজ্যপাল, থুড়ি পদ্মপাল ধনখড় বলে থাকেন আকছার, করোনা পরিস্থিতিতেও বলছেন! তা কর্নাটক নিয়ে আপনাদের টুইট, ভাষণ কোথায়?

বিজেপির কর্নাটকে লকডাউন ভাঙার ছবি নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে যখন জমায়েত নিষিদ্ধ সেখানে বৃহস্পতিবার ১৪ মে রামনগরে কোলাগোনডানাহাল্লি গ্রামে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এক গ্রামীণ মেলায় এমন ভিড় চোখে পড়ল। কয়েক হাজার মানুষ জড়ো হলেন, আর প্রশাসন চুপ ছিল? না, এখানেও নাটক।

এই উৎসব ও মেলা আয়োজনের অনুমতি দিয়েছিলেন খোদ পঞ্চায়েত উন্নয়ন আধিকারিক এন সি কামাত। মেলা সাঙ্গ হওয়ার পর তাঁকে সাসপেন্ড করেছেন রামনগরের ডেপুটি কমিশনার। বিরোধী দল থেকে সাধারণ মানুষ একে আইওয়াশ ছাড়া কিছু ভাবতে রাজি নয়। আসলে সুকৌশলে ধর্মীয় উৎসব তো করতে দিল বিজেপি সরকার, নাহলে তো জাত যেত! এটা কাদের তোষণ, নাকি অন্য কিছু?
