‘আই লাভ আরামবাগ’। আজকের প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সেলফি জোন গড়ে উপহার তুলে দিল আরামবাগ পুরসভা। আরামবাগকে ভালোবাসি। সুখে-দুঃখে সব সময় আছি। এই বার্তা পৌঁছে দিতেই পুরসভার এই অভিনব উদ্যোগ।
উল্লেখ্য, আরামবাগে এই ধরনের সেলফি জোন শিশু উদ্যানে প্রথম গড়ে উঠল। স্বভাবতই খুশি তরুণ-তরুণীরা। গার্গী পাল, মধুমিতা বোস, সায়ন মুখার্জী, দীপ ঘোষের মতো তরুণ-তরুণীরা জানালেন, বহু জায়গায় বেড়াতে গিয়ে দেখেছি সেলফি জোন গড়ে ওঠেছে। তাই পুরসভার কাছে আবেদন ছিল একটি সেলফি জোন গড়ে তোলার। পুরসভা সেই আবেদনে সাড়া দিয়েছে। আমরা খুশি। আরামবাগ আমাদের মাততৃভূমি। খুব ভালোবাসি। এবার থেকে সেলফি জোনে গিয়ে আমাদের সুখ-দুঃখ ও আনন্দ ফেসবুকে পোস্ট করে সকলে ভাগ করে নেব। আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারি বলেন, তরুণ প্রজন্মের আবেদনে সাড়া দিয়ে শিশু উদ্যানে ‘আই লাভ আরামবাগ’ নাম দিয়ে একটি সেলফি জোন গড়ে তোলা হয়েছে। তরুণ প্রজন্ম আনন্দ পাবে। ফেসবুকে আরামবাগের কথাও তুলে ধরতে পারবে। তরুণ-তরুণীরাই আগামী দিনের ভবিষ্যত।

এদিকে সেলফি জোন গড়ে ওঠায় ভিড় জমেছে শিশু উদ্যানে। বন্ধুরা মিলে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রসঙ্গত, এই ধরনের সেলফি জোন গড়ে তোলার তোড়জোড় শুরু হয়েছিল অনেক আগেই। রাজ্যের অনেক পর্যটনকেন্দ্রে সেলফি জোন আছে। কিন্তু শহরের পার্ক কিংবা উদ্যানে সেলফি জোন খুব কম দেখা যায়। নতুন পুর চেয়ারম্যান সমীর ভাণ্ডারী আজকের প্রজন্মের কথা চিন্তা
করে এই সেলফি জোন গড়ে তোলেন। আই লাভ আরামবাগ নামে একটি সাইন ফলকও বসানো হয়। এই ফলক বসানোয় খুশি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। এখানকার মানুষের বক্তব্য, এটি একটি ব্যাতিক্রমী উদ্যোগ পুরসভার। ভবিষ্যতে এই ধরনের সেলফি পয়েন্ট আরামবাগের বিভিন্ন জায়গায় আরও গড়ে তোলা হোক। তাতে তরুণ-তরুণীরা আরও খুশি হবে।