করোনাভাইরাস সংক্রমণ এড়াতে তৃণমূল কংগ্রেস বারবার দাবি জানিয়ে আসছে সংসদের অধিবেশন কাটছাঁট করার। যদিও তা নাকচ করছে সরকার। এই পরিস্থিতিতে সংসদে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না দলীয় সাংসদরা। সংসদের কার্যালয়ে এই মিডিয়া ব্রিফিং আপাতত বন্ধ রাখা হয়েছে ৩১ মার্চ অবধি।এর মধ্যেই করোনা নিয়ে আজ বৃহস্পতিবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, উনি ভাষণ দেবেন, কিন্তু কোথা থেকে? সংসদ তো চলছে! অর্থাৎ সংসদ এড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়াকেই শ্লেষে বিঁধেছেন ডেরেক। বুধবার ১৮ মার্চ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদ মাস্ক পরে ছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁদের বেশ কয়েকবার বাইরে গিয়ে মাস্ক খুলে আসতে বলেন। তখন কংগ্রেসের সাংসদ পি চিদাম্বরম বলেন, কেউ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মাস্ক পরে থাকলে তা খুলতে বলা উচিত নয়। পরে নিজের অবস্থান থেকে সরে আসেন রাজ্যসভার চেয়ারম্যান। ডেরেক আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া হাত ধোয়ার চ্যালেঞ্জ সম্পর্কে যখন সংসদে দাঁড়িয়ে সচেতন করতে চেয়েছিলাম, অনেকে গুরুত্ব দেননি। এখন তাঁদের অনেকেই হাত ধোয়ার ভিডিও পোস্ট করছেন দেখে ভালো লাগছে।এদিকে, করোনার জেরে সিবিএসই ক্লাস টেন ও টুয়েলভ-সহ বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৩১ মার্চের পর নতুন সূচি ঘোষণা হবে। আইআইটি ও ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জেইই পরীক্ষাও পিছোচ্ছে। ৩১ মার্চের পর তার সূচিও জানানো হবে। ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষাও আপাতত স্থগিত রেখেছে আইসিএসই বোর্ড।
